১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩২

নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সংশোধন করল ইসি

নির্বাচন কমিশন  © সংগৃহীত

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধনের মাধ্যমে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী পতিত ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকটি স্থগিত রেখে সাধারণ ও রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। একইসঙ্গে একক প্রার্থী নির্ধারিত হওয়া আসনে ভোটারদের মতামত প্রকাশের জন্য ‘না’ প্রতীক ব্যবহারের বিধান যুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এই অধিকতর সংশোধনী প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপ-বিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০ এর দফা (১) অনুযায়ী স্থগিতকৃত প্রতীক ব্যতীত সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্ততা সাপেক্ষে প্রতীক বরাদ্দ করা হবে। তালিকায় থাকা ১২০টি প্রতীকের মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, ফুলের মালা, বই, বক, বটগাছ, সাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, বালতি, বেবী টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি (কার), মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক ও ‘না’ প্রতীক।

এ ছাড়া প্রজ্ঞাপনে প্রার্থীর মনোনয়নপত্র ও হলফনামা সংক্রান্ত বিধিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তফসিল-১ এর ফরম-১-এর ৩য় অংশে নির্বাচনি ব্যয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের পাশাপাশি প্রার্থী বা তার নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট নম্বর সন্নিবেশিত করার শর্ত যুক্ত করা হয়েছে। হলফনামার সংযুক্তি-১-এর ৩ (খ) অংশে বিশেষ দ্রষ্টব্যের ‘সংযুক্ত করিতে হইবে’ বাক্যটি বদলে ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ প্রতিস্থাপিত হয়েছে। ৩ (গ) অংশে নতুন দ্রষ্টব্য যোগ করে স্পষ্ট করা হয়েছে যে, ‘অভিযুক্ত বলতে ওই আসামিকে বোঝাবে যার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ (চার্জ) গঠিত হয়েছে’। 

পাশাপাশি ১০ নম্বর ক্রমিকের নতুন দ্রষ্টব্য অনুযায়ী, প্রার্থীর স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান করাও ঐচ্ছিক বলে গণ্য হবে।