প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?
প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলন কার্যালয়ের ফেসবুক পেজে লাইভ চলাকালে প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ লিখে ক্যাপশন দেওয়া হয়। সেই লাইভ শেয়ার করে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক জুলকারনাইন সায়ের খান লিখেছেন, ‘একটু বিব্রতকর না?’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
সায়ের ফেসবুক পোস্টে বলেন, ‘দুইদিন আগেই না প্রজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রীকে সম্বোধনের আগে মাননীয় উল্লেখ না করার পরামর্শ দেয়া হলো? এখন যদি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভ্যারিফায়েড পেইজ থেকেই মাননীয় সম্বোধন করে পোস্ট দেয়া হয় এবং প্রেস ব্রিফিংয়েও সেভাবে উল্লেখ করা হয়, তাহলে সেটা একটু বিব্রতকর হয়ে দাঁড়ায় না?
তিনি আরও বলেন, ‘আর প্রধানমন্ত্রী তো প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হয়েছেন (তাঁর দল) তাহলে সেটা আবার এভাবে উল্লেখ করার দরকার কি?’
প্রসঙ্গত, গত বুধবার (৯ সেপ্টেম্বর) দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।