ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
ভাষা ও কারিগরি প্রশিক্ষণ শেষে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে অন্যান্য দেশেও কর্মী পাঠানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘ভাষা ও কারিগরি প্রশিক্ষণ শেষ করে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মী বৈধ উপায়ে ইতালিতে অভিভাসনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ওমানের শ্রমবাজারে নিষেধাজ্ঞা কাটিয়ে কৃষি ও আধুনিক মৎস্য আহরণ খাতে নতুন করে আরো ১০ হাজার কর্মী পাঠানোর দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে অনেকটা এগিয়েছে।’
প্রবাসে বাংলাদেশি কর্মী পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করে পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সরকার বিভিন্ন মত, পথ ও আদর্শকে ধারণ করে উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিরোধী দলের নেতাদের দাবিগুলো পূরণে সরকার সচেষ্ট রয়েছে। তবে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোকে দাবি হিসেবে রাজপথে তুলে ধরার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘আমাদের সরকার গণতান্ত্রিক সরকার, আমরা বহু মত ও পথ আদর্শকে ধারণ করি। আমাদের অনেক মানুষ প্রাণ দিয়েছেন। বিরোধীদলীয় নেতাদের সব দাবি সরকার পূরণ করতে সচেষ্ট।’
বিরোধীদল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সরকার যেগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখছে, সেগুলোকে দাবি হিসেবে সামনে আনা কতটা যৌক্তিক, এটা আমি জানি না। আমাদের প্রত্যাশা থাকবে রাজপথে না গিয়ে সংসদে সব সমস্যার সমাধান করা—আলোচনার মাধ্যমে।’