১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৯

বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান

জাতীয় গ্রন্থকেন্দ্র  © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জন্য বেসরকারি গ্রন্থাগারসমূহে অনুদান প্রদানের জন্য দেশের সকল পর্যায়ের তালিকাভুক্ত বেসরকারি গ্রন্থাগারের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আগামী ৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রন্থকেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাধারণ কার্যক্রমের আওতায় বই-পুস্তক মঞ্জুরি খাতে বরাদ্দকৃত অর্থ থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বেসরকারি গ্রন্থাগারে অনুদান বরাদ্দ প্রদান এবং বই নির্বাচন ও সরবরাহ সংক্রান্ত নীতিমালা ২০২০ (সংশোধিত ২০২২)' এর আলোকে বেসরকারি গ্রন্থাগারসমূহে অনুদান প্রদানের নিমিত্ত দেশের সকল পর্যায়ের তালিকাভুক্ত বেসরকারি গ্রন্থাগারের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

আবেদনের  নিয়মাবলি:
আগ্রহী গ্রন্থাগারসমূহকে অনুদানের জন্য সকল শর্তাবলি যথাযথভাবে অনুসরণপূর্বক অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর আবেদনের প্রিন্ট কপি প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আগামী ৮ অক্টোবরের মধ্যে সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ভবন-৬ (লেভেল ১০), ঢাকা-১০০০ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। কেবল অনলাইনে দাখিলকৃত আবেদন অনুদানের জন্য বিবেচিত হবে না।

অনলাইনে আবেদন করার জন্য কম্পিউটারের Google Chrome অথবা যেকোনো ওয়েব ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে https://moca.jgklibrarygrant.org/public টাইপ করে মূল সফটওয়্যারে প্রবেশপূর্বক সরাসরি আবেদন করা যাবে। এছাড়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moca.gov.bd এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের ওয়েবসাইট www.jgk.gov.bd-এ প্রদত্ত বেসরকারি গ্রন্থাগারে অনুদানের আবেদন বাটনে ক্লিক করেও ওয়েব বেইজড সফটওয়্যারের লিংকে প্রবেশ করে আবেদন করা যাবে। 

আবেদনকারী গ্রন্থাগারকে জাতীয় গ্রন্থকেন্দ্র অথবা গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক প্রদত্ত তালিকাভুক্তির সনদ প্রাপ্ত হতে হবে। 

অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোনো ফরমে আবেদন করা হলে অথবা আবেদন ফরম আংশিক পূরণ করে প্রেরণ করলে সংশ্লিষ্ট গ্রন্থাগারের আবেদন বাতিল বলে গণ্য হবে।

কোনো সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মক্তব, এতিমখানা ও এনজিও কর্তৃক পরিচালিত গ্রন্থাগার আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

অনুদানের অর্থ EFT-এর মাধ্যমে প্রেরণ করা হবে বিধায় অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে ডিজিটাল/অনলাইন ব্যাংক হিসাবের নাম (ইংরেজিতে), শাখার নাম ও রাউটিং নম্বর, হিসাব নম্বর, হিসাবের ধরন উল্লেখ করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ করার পূর্বে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি হিসেবে দাখিল করতে হবে সেসকল কাগজপত্র নির্ধারিত ফরমেটে আছে কি না তা নিশ্চিত হয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য সংবলিত আবেদন বাতিল করার এখতিয়ার/ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।