১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ  © সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

উল্লেখ্য, গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই আসনটি শূন্য হয়েছে বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর পরদিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।