সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
জাতিয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভাবে জেলার হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে স্থানীয় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ৮ম কার্যদিবসে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
সংসদে মো. খালেদ হোসেন মাহবুব বলেন, আমার আলোচনার বিষয় হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সম্পর্কে। আপনি জানেন, ব্রাহ্মণবাড়িয়া একটি শিক্ষিত জনগোষ্ঠীর এলাকা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া।
তিনি বলেন, এই ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার ছেলেমেয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভাবে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, আমাদের আশপাশের বেশ কয়েকটি উপজেলা— মাধবপুর, ভৈরব থেকে শুরু করে কুমিল্লা জেলার একটি অংশের শিক্ষার্থীদেরও এখানে পড়াশোনার সুযোগ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে বিশেষ করে মেয়েরা বেশি উপকৃত হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের এলাকার বিশেষ করে মেয়েদের জন্য একটা সুযোগ সৃষ্টি হবে। আপনারা জানেন, এই এলাকাটি একটি কনজারভেটিভ এলাকা। এই এলাকার মেয়েরা অনেক দূরে চট্টগ্রাম কিংবা ঢাকায় পড়াশোনা করতে ইচ্ছুক না। অর্থনৈতিক একটা সীমাবদ্ধতাও আছে।
তিনি বলেন, আমরা যদি ব্রাহ্মণবাড়িয়াতে একটা ইউনিভার্সিটি করতে পারি, তাহলে বিশেষ করে আমাদের মেয়েদের জন্য একটা সুযোগ সৃষ্টি হবে এবং উচ্চশিক্ষায় আমাদের মেয়েরা শিক্ষিত হবে।