০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯

সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির   © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের শাসনক্ষমতার ভার নেওয়ার পর ফের আলোচনায় এসেছে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে সরকারী চাকরির বয়স সীমার বিষয়টি পুর্নবিবেচনা করার কথা জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

দায়িত্ব নেওয়ার পর গত শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে যান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারি চাকরির বয়সসীমা নিয়ে কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরির বয়সসীমা নিয়ে আমি নির্বাচনের আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাদের দেশে সবসময় সরকারি চাকরির বয়সসীমা নিয়ে একটা বড় ধরণের বৈষম্য হয়। একজন এটা হলে চাকরি করতে পারবে না বা একজন এটা করলে চাকরিতে প্রবেশ করতে পারবে না। যদি আপনি বিশ্বের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে এটা ঠিক না। এটা আমাদের আবার বিবেচনা করতে হবে।’

সরকারি চাকরি থেকে অবসর নেওয়া নিয়ে তিনি বলেন, ‘এমন অনেক চাকরি আছে যেখানে বয়স ৫৬ হলে রিটায়ার্ড (অবসর) হন। তাহলে কী তারা বাকি সময় অলস কাটাবেন? জাতি হিসেবে তাদের অভিজ্ঞতা, দক্ষতা আমাদের ব্যবহার করতে হবে। তাদেরকে কীভাবে ফেরানো যায় এই বিষয়ে আমাদের একটা সুযোগ রাখতে হবে।’