০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহমান

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহমান  © সংগৃহীত

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুক কিংবা সরকার তাঁকে ফিরিয়ে আনুক- তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কোনো কৌশল নেই।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায় কি না, তা নিয়ে কেউ কেউ যে ধরনের অনুমান করছেন, সেটি সঠিক নয়। ভারতের ওপর চাপ তৈরির জন্য প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে—সরকারের এমন কোনো কৌশল নেই। ভারতের সরকারের কাছে বিষয়টি শর্ত হিসেবে দেওয়া হয়েছিল এবং সেটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা বলা হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা প্রায়ই বলছি, আপনি (হাসিনা) আসবেন না, আপনাকে ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’

এ সময় শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও তিনি পাবেন না।