০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়  © সংগৃহীত

সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। আদেশে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগের কথা উল্লেখ করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মাছুম বিল্লাহ সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর পর্যায়ভুক্ত।

এতে আরও বলা হয়েছে, একই বিধিমালার ৩(খ) অনুযায়ী তিনি অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে কর্তৃপক্ষ মনে করেছে।

এর পরিপ্রেক্ষিতে বিধিমালার ১২(১) অনুযায়ী মাছুম বিল্লাহকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।