০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৪

কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী  © সংগৃহীত

দেশে থাকা প্রায় ৮০ হাজার কওমি মাদ্রাসা যাকাতের অর্থ ব্যবহার করে দরিদ্র পরিবারের সন্তানদের সাক্ষরতা প্রদান এবং তাদের নৈতিক চরিত্র গঠনে প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে চলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে পরিচালিত সরকারি যাকাত ফান্ড বিভাগের পাশাপাশি ২০১৩ সালে পাস হওয়া যাকাত আইনের অধীনে সরকারি ও বেসরকারি উদ্যোগে দরিদ্রদের পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি শীর্ষ উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের মতামতের ভিত্তিতে যাকাত বোর্ডের সংস্কার, আধুনিকীকরণ ও গতিশীলতা আনার কাজ করছে। সার্বিক কার্যক্রমে গতি আনতে এনবিআরের সহযোগিতায় সরকারি যাকাত ফান্ডে প্রদত্ত যাকাতের রশিদের বিপরীতে আয়করে রেয়াত সুবিধা বহাল রাখার পাশাপাশি দেশি-বিদেশি যাকাত সংগ্রহ প্রক্রিয়া সহজ করার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

যাকাত সংগ্রহ ও বিতরণের এই সার্বিক ব্যবস্থাকে বেসরকারি একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সারা দেশের মাদ্রাসা, মক্তব, এতিমখানা এবং বিভিন্ন বেসরকারি সংস্থা যাকাতের অর্থায়নে লাখ লাখ দরিদ্র শিক্ষার্থীর শিক্ষা ও মৌলিক চাহিদার দায়িত্ব নিচ্ছে। গণতান্ত্রিক সরকার এতিমখানা ও মাদ্রাসার আয়ের প্রধান উৎস এই ফরজ যাকাত আদায় ব্যবস্থাকে সমন্বিত শক্তি হিসেবে গণ্য করে একে আরও নির্ভরযোগ্য ও সুশৃঙ্খল করতে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।