ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে: শিক্ষামন্ত্রী
অসচেতনভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে শিক্ষাব্যবস্থার যাতে কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্য নিয়ে শিক্ষকদের জন্য একটি ‘সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা’ প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। সরকারের এই নীতিগত উদ্যোগকে দেশের শিক্ষকসমাজ অত্যন্ত ইতিবাচক ও ভালোভাবে দেখছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকরা নিজেরাই স্বশিক্ষায় শিক্ষিত এবং তারা শিক্ষার্থীদের সঠিক আচরণ ও নৈতিকতা শেখান, তাই তাদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব একটা নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের এমন কোনো মন্তব্য বা উক্তি করা উচিত নয় যা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে কিংবা শিক্ষার্থীদের কোনো ক্ষতির কারণ হয়। সে কারণেই উন্নত বিশ্বের আদলে একটি সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন সংসদ সদস্যদের উপস্থিতিতে স্টিয়ারিং কমিটির প্রথম সভায় বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়।