সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য মির্জা আব্বাস। যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পান তিনি। বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন এই সংসদ সদস্য।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ পর বক্তব্যের শুরুতেই কাঁদেন তিনি।
বক্তব্যে মির্জা আব্বাস বলেন, একজন সংসদ সদস্য হিসেবে এর চেয়ে আনন্দের, গর্বের আর কি হতে পারে? নেহাতি আবেগ ভালোবাসা এ কারণে আমাকে সংসদে আসতে হয়েছে। আমার চিকিৎসা শেষ হয় নাই। আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর আজ মহান জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বর্তমান সংসদ যাত্রা শুরু করার পর পরই গত ১১ মার্চ স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘ সময় চিকিৎসার জন্য আমাকে সিঙ্গাপুর, মালয়েশিয়ায় থাকতে হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদের অধিবেশনে উপস্থিত হতে পারেনি। আমার চিকিৎসা এখন শেষ হয় নাই। চিকিৎসার মাঝপথে প্রথমবারের মত আমি সংসদ অধিবেশনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি।
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একই সঙ্গে এই কঠিন সময় যারা আমাকে আমার জন্য দোয়া করেছেন, খোঁজ-খবর নিয়েছেন, পাশে থেকেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।