০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯

ফোনালাপ করছিলেন নিপুন, বাইরে যেতে বললেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী  © সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্যদের কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীকে অধিবেশন কক্ষের বাইরে লবিতে গিয়ে কথা বলার পরামর্শ দেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এদিন বিধি ৭১-এর আওতায় মোট ৬১টি নোটিশ পাওয়ার কথা জানান স্পিকার। এর মধ্যে তিনটি নোটিশ গ্রহণ করেন তিনি। বাকি নোটিশদাতাদের মধ্য থেকে কয়েকজন সংসদ সদস্যকে দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্বের জন্য মোট ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়।

সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের জন্য নির্ধারিত দুই মিনিটের বক্তব্য শেষ হওয়ার পর অধিবেশন কক্ষে মোবাইল ফোনে কথা বলতে থাকা নিপুন রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। এ সময় স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ, অধিবেশন কক্ষে কেউ কথা বলবেন না এবং মোবাইল ফোন ব্যবহার করবেন না। প্রয়োজন হলে লবিতে গিয়ে কথা বলবেন।

এরপর নিপুন রায় চৌধুরীকে লবিতে গিয়ে কথা বলার পরামর্শ দেন স্পিকার। তিনি বলেন, মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয় নাই। কাছেই লবি আছে, সেখানে গিয়ে কথা শেষ করে আসুন।

মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে কথা বলে আসবেন।