০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

সংসদে প্রশ্ন করতে আগের রাতে বিছানাপত্র নিয়ে লাইন ধরতেন আজকের স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  © সংগৃহীত

জাতীয় সংসদে প্রশ্ন করতে হলে আগে আসার প্রতিযোগিতা কতটা তীব্র ছিল, তার একটি পুরোনো ঘটনা তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওত হোসেন বকুল একসময় সংসদে প্রশ্ন জমা দেওয়ার জন্য আগের রাতেই বিছানাপত্র নিয়ে এসে অফিসের সামনে অবস্থান নিতেন। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। 

স্পিকার বলেন, সংসদে প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে একটি সিরিয়াল বা ক্রম অনুসরণ করা হয়। এ কারণে আগে প্রশ্ন জমা দিতে সদস্যদের মধ্যে তুমুল প্রতিযোগিতা থাকে।

তিনি বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, সরকারি দলের চিফ যথার্থই বলেছেন যে প্রশ্ন জিজ্ঞাসা-উত্তর প্রশ্ন জমা দেওয়ার সময় একটা সিরিয়াল মেনটেন করা হয়। আমার পরিষ্কার মনে আছে, এখানে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওত হোসেন বকুল তিনি বিছানাপত্র নিয়ে আগের রাত্রেই এসে প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে পজিশন নিতেন।’

পুরোনো সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার আরও বলেন, ‘আরও দুই-একজন সদস্য আছেন, যারা আগের রাত সেখানে শুয়ে থাকতেন। এবং তার পরে অনেক সদস্যবৃন্দ তাদের প্রাইভেট সেক্রেটারিকে সেখানে পাঠান। সকালবেলা সংসদ সদস্য এসে যখন দেখে যে অন্য একজন সদস্যের প্রাইভেট সেক্রেটারি দাঁড়িয়ে আছে, তখন তাকে পিছে সরিয়ে দেন যে আগে এমপিদের প্রায়রিটি থাকে।’

প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে এমন প্রতিযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুতরাং বুঝতেই পারছেন যে প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে একটা তুমুল প্রতিযোগিতা হয়। আপনারা আশা করি বিরোধীদলীয় সদস্য যারা, তারা এটি ফলো করে এই ক্রম অনুসারে আগে থাকার চেষ্টা করবেন।’

স্পিকার আরও বলেন, ‘নিশ্চয়ই আমরা বিবেচনা করব। এটা একটি দীর্ঘ ট্রাডিশনাল পদ্ধতি যে আগে আসলে আগে আসিলে আগে গ্রহণ করা হয়। আমরা নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করে দেখব। আপনারাও এলার্ট হয়ে ওভাবে প্রশ্ন জমা দিবেন বলে আশা করি।’