১৭ বছরে গুম-খুনের শিকার ব্যক্তি ও পরিবারের পুনর্বাসনে হচ্ছে নতুন অধিদপ্তর
বিগত ১৭ বছরে বলপূর্বক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং তাদের পরিবারের পুনর্বাসনে নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
সংসদে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসের কথা উল্লেখ করে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি জানতে চান, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির পরিকল্পনার অগ্রগতি কতটুকু?
জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এর পাশাপাশি গত ১৭ বছরের রাজনৈতিক নিপীড়নে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের যেসকল নেতাকর্মী গুম, খুন, নির্যাতন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের জন্য আলাদা একটি নতুন অধিদপ্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, নতুন এই অধিদপ্তরের মাধ্যমে গুম-খুনের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের রাষ্ট্রীয় মূল্যায়ন ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ-চীন মৈত্রী কনফারেন্স সেন্টারে আয়োজিত সমাবেশেও সরকার এই বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।