২৯ আগস্ট ২০২৬, ২২:৫১

বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

বিএমসিসিআইয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী  © সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রেখে দুই দেশের বাণিজ্যিক দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে তিনি মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর তাগিদ দিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত ‘টুওয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এ সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করেছে।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের তাৎপর্য তুলে ধরে বলেন, এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অ্যাডমিনিস্ট্রেটর মো. ফজলুল হক। অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী, কূটনৈতিক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।