রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন চালু করল সরকার
রাশিয়ার অদূরে আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জাকির হোসেন (৪৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন এবং মো. আলাল হোসেন রাজু নামে অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হতাহত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করেছে রাশিয়ায় বাংলাদেশের দূতাবাস।
মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) চীনা প্রতিষ্ঠান ‘সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ’ পরিচালিত ওই কেমিক্যাল কমপ্লেক্সের পাইপলাইনে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে উদ্ধারকর্মীরা নিহত জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
নিখোঁজ রাজুর বাড়ি মেহেরপুরের গাংনীতে। দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি; রাজু তাঁদের মধ্যেই থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অন্তত সাতজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য আমুর অঞ্চল থেকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, যার মধ্যে ছয়জন বর্তমানে আইসিইউতে রয়েছেন। আহতদের চিকিৎসাসেবা ও নিহত জাকিরের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক তদারকি করছে।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমিকদের তথ্য, বকেয়া ভাতা ও জরুরি সহায়তার জন্য মস্কোর বাংলাদেশ দূতাবাস ২৪ ঘণ্টার হটলাইন নম্বর চালু করেছে: +৭৯১৬২৩২৩০১৫ (কান্সেলর ও হেড অব চ্যান্সারি) এবং +৭৯৮৯১১৩৯১৬৯ (ফার্স্ট সেক্রেটারি, শ্রম কল্যাণ উইং)।