২৫ আগস্ট ২০২৬, ২১:৪৮

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।  © টিডিসি ফটো

দালালের খপ্পরে পড়ে সুনামগঞ্জের যুবকদের অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিত ও অবৈধ পথে বিদেশযাত্রা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, ‘যেসব দালালের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, বৈধভাবে বিদেশ যাওয়ার পাশাপাশি কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যাওয়া সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে।

অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ পথে বিদেশ যাওয়ার সুফল তুলে ধরতে হবে।

তিনি বলেন, ‘আমি আশা করি, এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে।’

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সভায় একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী। এতে তিনি সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে ইউরোপে যাওয়ার চিত্র তুলে ধরেন। তিনি জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান শীর্ষসারিতে রয়েছে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশযাত্রার বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।