জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে সরকার
দায়িত্ব নেওয়ার পর দেশের সামরিক সক্ষমতা বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন বলেছেন, চীনের তৈরি জে-১০সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে নেগোসিয়েশন মিটিংয়ের জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাস্তব যুদ্ধের অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে জাহেদ বলেন, ‘জে-১০ ফাইটার বাংলাদেশ কিনতে পারে, এ ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের রাফাল ভূপাতিত হয়েছিল; এবং সেটা করেছিল চাইনিজ জে-১০—এই তথ্য এখন প্রতিষ্ঠিত।’
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রেখেছে।