বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: মহাপরিচালক
বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জন-আস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে গণঅভ্যুত্থানের পর ‘নয়া বন্দোবস্ত’ নিয়ে নানা আলোচনা হলেও বাস্তবে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন বিটিভির মহাপরিচালক।
ফেসবুক পোস্টে জেসিন বলেন, ‘বিটিভি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনা—তিনি বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। যে প্রতিষ্ঠানটিকে আওয়ামী শাসনামলে সরকার দলের এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি অতীতেও ক্রেডিবিলিটি না থাকার কালিমায় দর্শক হারিয়েছে, যে প্রতিষ্ঠানটিতে এমনকি গন-অভ্যুত্থানের পরও কোনও পরিবর্তনের সূচনা হয় নি—সেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ্যানেল হিসেবে দেখতে চান।’
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, তিনি সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত’ নিয়ে কথা বললেও শেষ পর্যন্ত এর নামে কী হয়েছে, তা দেশবাসী জানেন। গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু ‘নয়া বন্দোবস্ত’-এর নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে পরিবর্তনের কাজ করছেন বলে দাবি করে জেসিন বলেন, মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার প্রশংসা করে তিনি বলেন, বিটিভি শুধু আগের অবস্থানে ফিরবে না, বরং আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে না—প্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।
বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজটি কঠিন হলেও আনন্দের বলে উল্লেখ করেছেন মহাপরিচালক। তিনি বলেন, কাজটা কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে সহজ নয়। তবে কাজটা আনন্দেরও। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি।’
এছাড়া ফেসবুক পোস্টে তিনি বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার এ উদ্যোগে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।