২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৩

মন্ত্রীদের মধ্যে মঈন খান সিনিয়র, প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন

মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।  © টিডিসি সম্পাদিত

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ক্রম নির্ধারণ করে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে। হালনাগাদ করা ওই তালিকায় পূর্ণমন্ত্রীদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ড. আবদুল মঈন খান রয়েছেন ১ নম্বরে। অপরদিকে, টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে রাখা হয়েছে প্রতিমন্ত্রীদের তালিকার এক নম্বরে। 

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে মন্ত্রীদের এবং বেলা ১১টা ১৪ মিনিটে প্রতিমন্ত্রীদের তালিকাটি হালনাগাদ করা হয়।

এর আগে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন সময়ে ছিলেন তালিকায় সবার ওপরে। তার জায়গায় নিয়োগ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আবদুল মঈন খান। হালনাগাদ তালিকায় আমির খসরু মাহমুদ চৌধুরীর অবস্থান ২ নম্বরে। তার পরের চারটি স্থানে আছেন যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)। প্রথম তিনজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

সাধারণত দেখা গেছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়ে থাকে দলের শীর্ষস্থানীয় কোনো নেতাকে। ড. আবদুল মঈন খান তেমনই একজন, যদিও তিনি বর্তমান সরকারের মন্ত্রিসভার শুরুতে জায়গা পাননি। 

কর্মকর্তারা বলছেন, হালনাগাদ করা কয়েক মিনিটের কাজ। মূলত ক্রম নির্ধারণের টানাপোড়েনের কারণে ওয়েবসাইটে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা হালনাগাদ করতে দেরি হয়।

তালিকায় অন্য তিন নতুন মন্ত্রীর মধ্যে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ ১৪ নম্বরে, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ১৮ নম্বরে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু ২৬ নম্বরে আছেন। নতুন চারজনকে নিয়ে বর্তমান মন্ত্রিসভায় মোট মন্ত্রী ২৬ জন।

এদিকে, প্রতিমন্ত্রীদের তালিকায় এক নম্বরে আছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের জায়গা হয়েছে তিন নম্বরে। তিনি আগে দুই নম্বরে ছিলেন। এক নম্বরে ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম।

নতুন আরেক প্রতিমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়ের মোহাম্মদ শামীম কায়সারের জায়গা হলো তালিকার শেষ ২৪ নম্বরে।

ক্রম নির্ধারণের টানাপোড়েনের কারণে গতকাল (রবিবার) বিকাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওযেবসাইটে নাম ছিল না নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। এই মন্ত্রণালয়ে মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আগে থেকে ছিলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অন্তর্ভুক্ত হলে তাদের দায়িত্ব ও অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

গতকাল রবিবার দুই প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বন্টন হয়। তাতে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ হিসেবে স্থান দেওয়া হয়। আর শামা ওবায়েদ প্রতিমন্ত্রী-২। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত তালিকায় পররাষ্ট্রমন্ত্রীর পর হুমায়ুন কবির ও তিন নম্বরে শামা ওবায়েদের নাম।

গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। ওই দিন সন্ধ্যায় বঙ্গবভনে তাদের শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাদের শপথ পড়ানোর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এমপিদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। এরপর তিনি বিএনপির সব ধরনের পদ এবং সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।