প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী পাওয়া কে এই মিল্লাত
দীর্ঘদিনের দলীয় সংগঠক থেকে সংসদ সদস্য এবং শেষ পর্যন্ত প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। আজ শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
এর আগে এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি মন্ত্রী হিসেবে পদোন্নতি পেলেও দপ্তর পাননি।
জানা গেছে, এম রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক পথচলা শুরু ১৯৮৬ সালে। বিএনপির তৎকালীন শীর্ষ নেতা ও পরবর্তী সময়ে মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে তার রাজনীতিতে প্রবেশ। এর আগে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা—জাসাসের কেন্দ্রীয় কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। ১৯৯১ সালে তিনি বিএনপির মূল রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং জামালপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রায় দুই দশকের রাজনৈতিক বিরতির পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদে ফেরেন।
দলীয় রাজনীতির পাশাপাশি ব্যবসাতে মিল্লাতের দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে। ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মিল্লাত সৌরভ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে নির্মাণ, প্রকৌশল, মৎস্য ও কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, আজ রাত পৌনে ৮টার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়া চারজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া দুজন হলেন— গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের মধ্যে শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।