১৬ আগস্ট ২০২৬, ১৬:১০

চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার  © সংগৃহীত

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করবো। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে’।

আরও পড়ুন: অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা চলছে। কোন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বেতন কত বাড়তে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য এখন পর্যন্ত মোট আটবার পে স্কেল ঘোষণা করা হয়েছে। যার সর্বশেষটি হয়েছিল ২০১৫ সালে। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল নিয়ে নানা আলোচনা থাকলেও এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে ঘোষণা আসেনি।