১৬ আগস্ট ২০২৬, ১৫:০৪

যে ৪ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। এ মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফর আয়োজনের জন্য সম্ভাব্য তারিখও এরই মধ্যে বাংলাদেশকে প্রস্তাব করেছে ভারত। তবে দিল্লি সফরে যেতে ভারতকে চারটি শর্ত দিয়েছে বাংলাদেশ।   

রবিবার (১৬ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারঅ্যাকশনের কারণে সফর আয়োজনের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক দণ্ডিত আসামিদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক লাভের ভিত্তিতে প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার।