১৫ আগস্ট ২০২৬, ২০:০৩

তারা হারিকেন সামনে নিয়ে আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান ঘুরছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও হারিকেন সামনে রেখে এনসিপির প্রতিবাদ   © সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারা হারিকেন সামনে নিয়ে প্রতিবাদ করছে, অথচ তাদের পেছনে ফ্যান ঘুরছে। এ ধরনের হঠকারিতা জনগণ এখন আর পছন্দ করে না।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন। 

প্রধানমন্ত্রী বলেন, সাময়িক এ সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের মাটিতে নতুন গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে একটি এলএনজি জাহাজ দুর্ঘটনার কারণে সরবরাহে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে এ সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, আগের সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকা দেনা রেখে গেছে। পাশাপাশি জ্বালানি আমদানির প্রয়োজনীয় অবকাঠামোও তৈরি করা হয়নি। ফলে দায়িত্ব নেওয়ার পর সরকারকে নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য নয়।
রাস্তায় বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতি বাদ দিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। তাদেরকে হারিকেন সামনে নিয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে অথচ তাদের পেছনে ফ্যান চলছে। এ ধরনের হঠকারিতা জনগণ এখন আর পছন্দ করে না।

কারও কাছে জ্বালানি বা বিদ্যুৎ সংকট সমাধানের বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা যদি ছয় মাসের মধ্যেও বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান করতে পারে, তাহলে সরকার তা সানন্দে বাস্তবায়ন করবে।

এদিকে হারিকেন নিয়ে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার অবগতির জন্য জানাছি, ফ্যান আর মাইক জেনারেটর দিয়ে চলছিল। কর্মসূচি চলাকালে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না অধিকাংশ সময়।