‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া বিষয়টি সম্পূর্ণ অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)ও জুমার নামাজ আদায় করেন। মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজের জুতা খুলে প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। মসজিদের প্রবেশপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।
পুলিশ জানায়, ওসি কর্তৃক মন্ত্রী মহোদয়ের জুতা বা স্যান্ডেল বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, শৃঙ্খলা বাহিনীকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একশ্রেণীর মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের বানোয়াট ও ভিত্তিহীন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।