‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এটা জল্পনার কিছু নেই। হয়তো তার সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।
সংবাদ সম্মেলনে দেশের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পালিয়ে থাকা ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাকিব আল হাসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাকে নষ্ট-পচে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করেন তথ্যবিষয়ক উপদেষ্টা।
জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে।