১০ আগস্ট ২০২৬, ১৩:২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার   © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দুই দেশের সম্পর্ক ইতিবাচক পথে এগিয়ে নিতে আলোচনার ওপর জোর দেওয়ার প্রেক্ষাপটে সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়ের পর গত বুধবার বাংলাদেশ-ভারত সম্পর্কে হঠাৎ উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দুই দেশ এখন আলোচনার মাধ্যমে সম্পর্ককে ইতিবাচক পথে ফেরাতে মনোযোগ দিচ্ছে। এরই অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে গতকাল রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমে জানান, গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। বৈঠকের শুরুতে দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দীনেশ ত্রিবেদী ও খলিলুর রহমান আধা ঘণ্টার বেশি সময় একান্তে কথা বলেন। বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল।

গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন দীনেশ ত্রিবেদী। এরপর ২৯ জুলাই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। গতকাল দ্বিতীয়বারের মতো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

দুই দেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাংলাদেশ আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী। সম্পর্ক ইতিবাচক পথে ফেরাতে এটাই পথ। পারস্পরিক সম্মান, মর্যাদা আর স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। পাশাপাশি এক দেশকে অন্য দেশের সংবেদনশীলতার প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল হওয়াটা জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজকের সৌজন্য সাক্ষাতের বিষয়ে গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে কথা বলেন দীনেশ ত্রিবেদী। যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপরও জোর দেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, যখন দুই নেতার দেখা হয়, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথা বার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশন) হবে। এখানটায় কোনো নেতিবাচক বিষয় নেই। সব ইতিবাচক।’