০৬ আগস্ট ২০২৬, ২১:১৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

কাজী জেসিন ও বিটিভি লোগো   © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে মিজ কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে কাজী জেসিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

কাজী জেসিনের জন্ম গাইবান্ধা জেলায়। জেসিনের লেখালেখির শুরু ১৯৯৭-এ লিটল ম্যাগে প্রবন্ধ লেখার মধ্য দিয়ে। পেশাগতভাবে কাজ করেছেন দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন, যমুনা টিভি ও জিটিভিতে।