বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু, যেভাবে করবেন
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করা যাবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার গত ৩০ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ আগস্ট থেকে নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। নির্দেশনাটি দেশের আট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন নেওয়া হচ্ছে। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও গ্রহণ করা হবে।
আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। অবশ্যই আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদন অবশ্যই আবেদনকারীর স্থায়ী ঠিকানার ভিত্তিতে করতে হবে। আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র, নিবন্ধিত সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের মোবাইল বা ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বরও দিতে হবে।
আরও পড়ুন: শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নিয়ম
প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। এছাড়া আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
নির্দেশনা অনুযায়ী, নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। বিদ্যমান নীতিমালা অনুসরণ করে এ তালিকা অনুমোদন দেওয়া হবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।