প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার বঙ্গভবনে প্রথম অফিস।
বঙ্গভবনে পৌঁছে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর গত রবিবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।