দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে ইসি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে শূন্য হওয়া পদের বিপরীতে সংবিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যকে নিয়ে প্রস্তুত করবে চূড়ান্ত ভোটার তালিকা।
ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মতোই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও প্রক্রিয়া পরিচালনা করা হবে। প্রার্থীর সংখ্যা একাধিক হলে জাতীয় সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে; তবে একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিশন আগামী রবিবার বা তার পরবর্তী কার্যদিবসে তফসিল সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।