২৪ জুলাই ২০২৬, ১৬:২৫

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আব্দুল বারী ড্যানী

এ টি এম আব্দুল বারী ড্যানী  © সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে এ টি এম আব্দুল বারী ড্যানীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (সংশোধন) আইন, ২০১৫-এর ৭(১) ধারা অনুযায়ী এ টি এম আব্দুল বারী ড্যানীকে গ্রেড-২ পদমর্যাদায় চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তার বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।