‘১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ১১২ টাকায় সরকারি চাকরি প্রাপ্তি সরকারের স্বচ্ছতার নিদর্শন। বৃহষ্পতিবার সকালে (২৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অধিদপ্তরের নবযোগদানকৃত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বর্তমান সরকার যে স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চায় তার দৃষ্টান্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অতিসম্প্রতি এখানে নিয়োগ পাওয়া ১৮৮ জন কর্মচারীর চাকরির আবেদন থেকে যোগদান পর্যন্ত জনপ্রতি ব্যয় হয়েছে ১১২ টাকা।
তিনি বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক অঞ্চলে যেখানে নানা ধরনের দুর্যোগ প্রতিনিয়ত আছড়ে পড়ে। আর দুর্যোগের দুর্বিপাকে আশার আলো দেখান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। তাই আগামী দিনগুলোতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় গতি আনতে দক্ষ জনবল তৈরি করা হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নতুনদের আহ্বান জানান।
আরও বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।