রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি চাইলে শারীরিক অসুস্থতা বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। সংবিধানে সেই সুযোগ রয়েছে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির স্বাস্থ্য, বিদেশ সফর এবং পদত্যাগের গুঞ্জন নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিকিৎসা নিতে উনি কিছু দিন আগে বিদেশ গিয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যেতেই পারেন। শেখ হাসিনার সঙ্গে উনার কথা হয়েছে কি না, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক বা যেকোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেই অপশন তো উনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এইটুকু নিয়ম আছে। এর বাইরে কিছু জানি না।’
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে কোনো আলোচনা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ‘পরেরটা পরে দেখা যাবে।’