নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জাতির কাছে বিএনপির দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, তাও বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্যতম মুখপাত্র সালেহ শিবলী।
শনিবার (১৮ জুলাই) বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস বিভাগের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এসব তথ্য জানান।
প্রেস সচিব বললেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়নের গালগল্প হয়েছে অনেক। কিন্তু কোথায় সেই উন্নয়ন? অনেক স্থানে অবনতি হয়েছে। সবচেয়ে বেশি অবনতি হয়েছে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধে। যতক্ষণ মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হবে, ততক্ষণ কোনো ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়।’
তিনি বলেন, ‘কথায় নয় কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। যে দলেরই হোক, যে মতের হোক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। মতের পার্থক্য ব্যালটে হতে পারে কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে হতে হবে।’
সালেহ শিবলী জানান, ‘প্রধানমন্ত্রী রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বের হয়ে এসেছেন। কোথাও কারও বন্দনা করেন না। আগে যা অহরহ দেখা যেত। প্রধানমন্ত্রী জনবিচ্ছিন্ন হচ্ছেন না। মানুষের সঙ্গে মিশে কাজ করছেন। প্রতি মাসেই জনসম্পৃক্ততা বাড়াতে ঢাকার বাইরে কোনো না কোনো জেলায় যাচ্ছেন।’
তিনি বলেন, ‘এবারের বাজেট সরকারের একটা বড় অর্জন। এবার বাজেট পাস হওয়ার পর কোনো পণ্যের দাম বাড়েনি, জনজীবনে অস্থিরতা বাড়েনি। এটা একটা জীবনবান্ধব বাজেট।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্য সদস্যরা ছিলেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।