রথযাত্রা অনুষ্ঠানে অসুস্থ মির্জা ফখরুল
রাজধানীর স্বামীবাগে হিন্দু সম্প্রদায়ের (ইসকন) রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল জানান, রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।
শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন।
তিনি দাবি করেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।