১৫ জুলাই ২০২৬, ১৯:৪৬

চাঁদার দাবিতে ওয়াইফাই প্রোভাইডার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮: সিএমপি 

সিএমপির সংবাদ সম্মেলন  © সংগৃহীত

চট্টগ্রামের চকবাজারে চাঁদার দাবিতে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ‘ডিজিটাল ডটনেট’ (ডিডিএন) কার্যালয়ে প্রকাশ্যে হামলা, ভাঙচুর এবং নগদ অর্থ ও মালামাল লুটের ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার দুপুরে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় চাঞ্চল্যকর এই হামলার ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও র‍্যাব যৌথভাবে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে দামপাড়ায় সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে সিএমপি।

গ্রেপ্তারকৃতরা হলেন—ইউনুস (৪১), ইমরান হোসেন (৩১), আকবর হোসেন (২৪), সুমন (২৭), মনির ওরফে কেহেরমান (৩৮), গিয়াস উদ্দিন (২১), নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, হামলার ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। এরপর দ্রুত অভিযান পরিচালনা করে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং হামলায় জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৬ জনই এলাকার চিহ্নিত অপরাধী এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইন ও মানব পাচারসহ বিভিন্ন গুরুতর ধারায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইমরানের বিরুদ্ধে ১২টি, মনিরের বিরুদ্ধে ৭টি, আকবর ও সুমনের বিরুদ্ধে ৬টি করে, ইউনুসের বিরুদ্ধে ৫টি এবং নয়নের বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে চকবাজার থানার অবস্থিত ডিজিটাল ডটনেটের চন্দনপুরা কার্যালয়ে ১০ মিনিট ধরে অতর্কিত তাণ্ডব চালায় একদল সশস্ত্র দুর্বৃত্ত। হামলায় কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মচারীদের বেতনের জন্য ড্রয়ারে রাখা নগদ ৩৫ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ ল্যাপটপ লুট করা হয় বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন এবং ডিডিএনের মালিক আদিল বিন মামুনের মধ্যকার একটি ফোনালাপের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই অডিওতে হামলার দুদিন আগে আদিলের কাছে ইমন পরিচয়ে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।