ডিজিটাল ডিভাইস উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে আন্তর্জাতিক মানের বিভিন্ন ডিজিটাল ডিভাইস উৎপাদন ও সংযোজনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকার যুগোপযোগী শুল্ক সুবিধা প্রদান করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই ) জাতীয় সংসদে সুলতানা আহমেদের (৩১৭ মহিলা আসন-১৭) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, নেটওয়ার্ক ডিভাইস, মনিটর, ডিজিটাল ওয়াচ ও মোবাইল ইত্যাদি প্রযুক্তি পণ্য দেশে উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্ক, সমুদয় সম্পূরক শুল্ক, সমুদয় রেগুলেটরি ডিউটি এবং সমুদয় মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করা হয়েছে।
একইভাবে এসব পণ্য সংযোজনে (অ্যাসেম্বলিং) ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্কসহ সমুদয় সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং মূল্য সংযোজন কর মওকুফ করার সুবিধা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান আশা প্রকাশ করেন, সরকারের এই যুগোপযোগী সিদ্ধান্তের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সেক্টরে স্থানীয় শিল্পের বিকাশ ঘটবে এবং ‘মেড ইন বাংলাদেশ’ব্র্যান্ড বিশ্ব দরবারে আরও শক্তিশালী হবে। পাশাপাশি এই খাত বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণেও বড় ভূমিকা রাখবে।
এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুল্ক সুবিধার ফলে দেশের বাজারে কম দামে বিভিন্ন প্রযুক্তি পণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে। এতে শিক্ষা, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর জন্য অভূতপূর্ব কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।