১৫ জুলাই ২০২৬, ১৫:২৭

নিউইয়র্কে ৩ দেশের প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান  © সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিউইয়র্কে স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে পৃথক তিনটি বৈঠক করেছেন।

বুধবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বৈঠকে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী জোরান দিমিত্রোভস্কি এবং জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়ার সঙ্গে আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

এ সময় ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সদস্য রাষ্ট্রনির্ভর পদ্ধতি অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

তিনি বলেন, ৮১তম অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করাই হবে তাঁর সভাপতিত্বের অন্যতম প্রধান লক্ষ্য।