১৩ জুলাই ২০২৬, ১৫:৫৩

কাতারের আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন মির্জা ফখরুল          

কাতারের আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করছেন মির্জা ফখরুল ।  © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানিয়ে ঢাকাস্থ দেশটির দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে গুলশানস্থ কাতর দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

শোক বইয়ে স্বাক্ষর শেষে মির্জা ফখরুল বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

এ সময় তিনি জানান, শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এ ছাড়া কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।

গতকাল ১২ জুলাই ৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তিনি কাতারের 'ফাদার আমির' নামেও পরিচিত ছিলেন।