০৯ জুলাই ২০২৬, ১৬:২৫

ময়মনসিংহে শিশু নিছামনিকে ধর্ষণ ও হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

আসামিদের নিচ্ছে যাচ্ছে পুলিশ  © টিডিসি

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামনিকে দলবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পৃথকভাবে এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামি আরিফ, রাকিব ও সাইমকে ফাঁসির আদেশ দেন। সেই সঙ্গে প্রত্যেককে ২ লাখ করে টাকা জরিমানা করেন। অপর অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুল করিম চৌধুরী। 

তবে রায়ে অসন্তোষ প্রকাশ,করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার। 

রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান নিছামনির মা-বাবা।

গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিছামনিকে দলবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। আর উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়।