০৮ জুলাই ২০২৬, ১৯:১৬

সবচেয়ে বেশি মসজিদ ঢাকায়, কম সিলেটে, কোন বিভাগে কত?

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম  © সংগৃহীত

দেশে বর্তমানে মোট ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ রয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত সোমবার (৬ জুলাই) সংস্থাটির সমন্বয় বিভাগ থেকে প্রকাশিত বিভাগভিত্তিক সর্বশেষ দাপ্তরিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।

এছাড়া দেশের অন্যান্য বিভাগের মধ্যে রংপুরে ৪৫ হাজার ৭৯২টি, রাজশাহীতে ৪৫,৬৭৯টি, বরিশালে ৩৫ হাজার ৬৯১টি, খুলনায় ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় হিসাবের পাশাপাশি আলাদাভাবে জেলা ও উপজেলাভিত্তিক বিস্তারিত পরিসংখ্যানও প্রকাশ করেছে। সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঠিক তথ্য সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং ইসলামের প্রচার ও প্রসারসংক্রান্ত জাতীয় পরিকল্পনা গ্রহণের সুবিধার্থেই নিয়মিতভাবে এই ধরনের পরিসংখ্যান হালনাগাদ করা হয়।