০৮ জুলাই ২০২৬, ১৪:২৫

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

রেললাইন পানিতে ডুবে থাকায় আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন  © সংগৃহীত

সবার নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ে এবং সড়ক পরিবহন ও মহাসড়কের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। 

আজ বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রতিমন্ত্রী বলেন, আমরা যাত্রীদের সংকটমুক্ত করতে চাই। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করতে চাই।

তাহলে অতিবৃষ্টি হলেও রেললাইন আর পানির নিচে তলিয়ে যাবে না এবং ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এ প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তিনি জলাবদ্ধ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে আছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।