প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ দিলেন যুবরাজ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একইসঙ্গে সৌদি যুবরাজ সালমান নিজে বাংলাদেশ সফরেরও আগ্রহ জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী সাথে সৌজন্য সাক্ষাতে সৌদি আরব সফরের এই আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে প্রধানমন্ত্রীর সফর কবে হবে সে বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সৌদি আরবের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চাই।’
কবে নাগাদ প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করতে পারেন, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘সফরের বিষয়টি নির্ধারণ নিয়ে কাজ করতে হবে। তাই এই মুহূর্তে সময় বলা যাচ্ছে না।’