০২ জুলাই ২০২৬, ১৮:৩৩

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

অর্থ মন্ত্রণালয়  © টিডিসি সম্পাদিত

মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী এবং আনুষঙ্গিক ব্যয়ের হার নতুন করে নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে  অর্থ বিভাগ। এতে স্বাক্ষর করেন যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম। পরিপত্রে দেখা যায়, নতুন করে কিছু ক্ষেত্রে সম্মানীর হার বাড়ানো হয়েছে এবং কিছু নতুন খাত সংযোজন করা হয়েছে। আবার কয়েকটি খাতে আগের হার বহাল রাখা হয়েছে। 

পরিপত্র জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হবে বলে জানা গেছে। একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০২৫ সালের ২০ অক্টোবরের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী আগের মতোই ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভার জন্য জনপ্রতি ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিনের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা প্রদান করা হবে। আগেও এই দুটি ক্ষেত্রে একই হার নির্ধারিত ছিলো।

আগের মতো উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা করে সম্মানী দেওয়ার বিধান করা হয়েছে।

লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুসারে নির্বাহ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য হলে দুপুর বা রাতের খাবারের ব্যয় ওই নির্দেশনা অনুযায়ী প্রদান করা যাবে এবং নাস্তার জন্য দৈনিক সর্বোচ্চ দুইবার ব্যয় করা যাবে।

পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের প্রতিদিনের সম্মানী আগের মতোই গ্রেডভেদে নির্ধারণ করা হয়েছে। তবে সম্মানীর হার বাড়ানো হয়েছে। এর মধ্যে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার ৮০০ টাকা, যা আগে ছিলো ১ হাজার ২০০ টাকা। ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার ২০০ টাকা, যা আগে ছিলো ১ হাজার টাকা। আর ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার টাকা, যা আগে ছিলো ৮০০ টাকা।

খাতা পুনর্মূল্যায়নের জন্য আগের মতোই প্রতিটি খাতায় ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা তার মনোনীত একজন সমন্বয়কারী সম্মানী হিসেবে পাবেন ৩ হাজার ৫০০ টাকা। লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক প্রতিদিন পাবেন ১ হাজার ৮০০ টাকা। এ দুটি ক্ষেত্রেও সম্মানী অপরিবর্তিত রাখা হয়েছে।

এছাড়া লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত (কাগজসহ) বাবদ পরীক্ষার্থীপ্রতি ১২ টাকা এবং প্রশ্নপত্র তৈরি, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয় করার বিধান রাখা হয়েছে নতুন পরিপত্রে। 

আগে কোডিং ও ডিকোডিং ফি ৩ টাকা, লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত (কাগজসহ) বাবদ পরীক্ষার্থীপ্রতি ৬ টাকা সম্মানি নির্ধারিত ছিলো।

ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৫ টাকা এবং প্রচলিত কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি নতুন সংযোজন করা হয়েছে।

এছাড়া ট্রাঙ্ক, তালা-চাবি, কাগজ, কলমসহ অন্যান্য আনুষঙ্গিক বিবিধ ব্যয়ের জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা ব্যয় করার বিধান রাখা হয়েছে। আগে বিবিধ ব্যয়ের (কাগজ, কলম এবং আনুসঙ্গিক) পরিমাণ নির্ধারণ করা ছিলো ৮ হাজার টাকা।