নতুন পে স্কেলে বেসিক শতভাগ বাড়লেও থেকে যাচ্ছে ‘কিন্তু’
আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। দুই ধাপে বাস্তবায়িত হতে যাওয়া পে-স্কেলের প্রথম ধাপে শতভাগ বেসিক বৃদ্ধির সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। পে-কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম ধাপে শতভাগ বেসিক বৃদ্ধি পেলেও কিন্তু থেকেই যাচ্ছে। কেননা পে-কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে গঠিত পে-কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। তবে বর্তমান সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করবে না সরকার বলে জানা গেছে। অর্থাৎ মূল বেতন বৃদ্ধির ক্ষেত্রে পে-কমিশন যে সুপারিশ করেছিল সে অনুযায়ী বেসিক বৃদ্ধি পাবে না। এটি কিছুটা কমানোর পক্ষে অবস্থান নিয়েছে সচিব কমিটি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পে-কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের সুপারিশ করবে না পে-কমিশন। এটি করা হলে সরকারের আর্থিক চাপ বাড়তে পারে। এজন্য কমিশন যে সুপারিশ করেছিল তার চেয়ে কিছুটা কম বাস্তবায়নের সুপারিশ করা হচ্ছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘সচিব কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। চলতি সপ্তাহে এটি অর্থ মন্ত্রণালয়ে জমা হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে এটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে পরবর্তীতে গেজেট প্রকাশ করা হবে।’
নবম পে স্কেলের গেজেট কবে
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করতে পারে সরকার। এর মধ্যে জুলাই থেকেই মূল বেতনে পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হেতে পারে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি এটি জমা দেবে।
বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত তিনটি পৃথক পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে অর্থ মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি পে-স্কেলের গেজেট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝামাঝি না হলে এর পরের সপ্তাহে গেজেট জারি করা হবে।’