২৯ জুন ২০২৬, ১০:১৮

বড় কর ছাড় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেট   © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের কর ছাড় দিতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এসব প্রতিষ্ঠানের করহার অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব রাখা হচ্ছে। বর্তমানে ১০ শতাংশ কর পরিশোধ করা প্রতিষ্ঠানগুলোকে আগামী অর্থবছর থেকে ৫ শতাংশ কর দিতে হতে পারে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি উচ্চশিক্ষার মান ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এ বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের করহার কমানোর প্রস্তাব থাকছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

এনবিআর সূত্র জানিয়েছে, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০ শতাংশ করহার কার্যকর রয়েছে। আগামী অর্থবছরে এই করহার কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যেই এই কর ছাড় দেওয়া হচ্ছে। করের চাপ কমলে প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে পারবে বলে সরকারের ধারণা।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে করহার কমানোর ক্ষেত্রে কোনো ধরনের শর্ত আরোপ করা হচ্ছে না। তবে ভবিষ্যতে এই ৫ শতাংশ করহার বহাল রাখতে সরকার নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করতে পারে।

বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। এর মধ্যে কার্যক্রম পরিচালনা করছে ১০৩টি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া দেশে বর্তমানে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ, ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ এবং ২০টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। নতুন করহার কার্যকর হলে এসব প্রতিষ্ঠানও একই সুবিধার আওতায় আসবে।