বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস্তাব
বিয়ের অনুষ্ঠানে অতিথি ১০০ ছাড়ালেই অতিরিক্ত প্রতিজনের জন্য এক হাজার টাকা সরকারি কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
শাহাদাত হোসেন বলেন, ‘বর্তমানে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে বিত্তবৈভবের অশালীন প্রদর্শনের মাধ্যমে বিপুল অর্থের অপচয় হচ্ছে। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেয়া হয় এবং এসব আয়োজনে ব্যাপক অর্থ ব্যয় করা হয়। অনেক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন, অথচ পরিবেশিত খাবারের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়।’
তিনি বলেন, আমরা প্রস্তাব করছি, ১০০ জনের অতিথির বাইরে প্রতি অতিথির জন্য ১০০০ টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে। যদি অপচয়টা বন্ধ করা হয়, তাহলে একদিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে।