মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা প্রশাসন ও নেতাদের কাছে দিন: মন্ত্রী
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা প্রস্তুত করে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, মাদক নির্মূলে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন সেবার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। তবে জনগণেরও দায়িত্ব রয়েছে সমাজ থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখার। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিংবা মাদক সেবন করেন, তাদের নাম-ঠিকানাসহ তথ্য প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কাছে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদকসেবন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তবে সাধারণ মানুষের তথ্য ও সহযোগিতা ছাড়া এই সামাজিক ব্যাধি নির্মূল করা কঠিন। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, শিশু, নারী ও কিশোরীদের উত্ত্যক্ত করা, কুরুচিপূর্ণ মন্তব্য বা যেকোনো ধরনের নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। এসব অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী জুয়া ও মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করেও অনলাইন জুয়া খেলার প্রবণতা গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সিগারেট, জর্দা ও গুলের মতো নেশাজাতীয় অভ্যাস থেকেও অনেকেই ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছেন।
তিনি দাবি করেন, দিনাজপুর জেলা কারাগারে থাকা নারী বন্দিদের প্রায় ৯৯ শতাংশ এবং পুরুষ হাজতিদের প্রায় ৭০ শতাংশই মাদকসংশ্লিষ্ট মামলার আসামি। মাদক সমাজকে পিছিয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পিআরও সুজন মিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।